জাপানভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে কোম্পানিটির বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। এ সময় মোট উৎপাদন দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৭২৩ ইউনিটে। টানা ছয় মাস বাড়ার পর ওই মাসেই উৎপাদন কমেছে কোম্পানিটির। চীন ও জাপানে উৎপাদন কমে যাওয়াই এ পতনের প্রধান কারণ বলে জানিয়েছে টয়োটা। খবর জাপান টুডে।
টয়োটা জানিয়েছে, নভেম্বরে কোম্পানিটির বৈশ্বিক গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ২ শতাংশ। মাসটিতে মোট গাড়ি বিক্রি হয়েছে ৯ লাখ ১১ ইউনিট। চীনে গাড়ি বিক্রি ১২ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৪৫ ইউনিটে।
বিদেশে টয়োটার মোট উৎপাদন নভেম্বরে ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৫৪৬ ইউনিটে। এ সময় চীনে উৎপাদন কমেছে ১৪ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, চীনের বিভিন্ন অঞ্চলে সরকারি ভর্তুকি শেষ হয়ে যাওয়ায় উৎপাদন কমেছে।
ইন্দোনেশিয়ায় কোম্পানিটির উৎপাদন কমেছে ১১ দশমিক ২ শতাংশ। কঠোর ঋণ যাচাই ও অতিরিক্ত কর আরোপের কারণে সেখানে বাজার পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।
জাপানে টয়োটার স্থানীয় উৎপাদন ৯ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ১৭৭ ইউনিটে। কারখানায় কার্যদিবস কম থাকাই এর কারণ বলে জানিয়েছে কোম্পানিটি।
তবে যুক্তরাষ্ট্রে টয়োটার উৎপাদন বেড়েছে ৯ শতাংশ। উৎপাদন হয়েছে ১ লাখ ৭ হাজার ৯৫৩ ইউনিট। হাইব্রিড গাড়ির শক্তিশালী চাহিদা উৎপাদন বাড়াতে সহায়তা করেছে। যদিও যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা উচ্চ শুল্ক কোম্পানিটির জন্য চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।