দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এজন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানায় ডিবিএ।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। তবে আইনগত বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কিংবা সরকারি সংস্থার কোনো নিষেধাজ্ঞা না থাকলে এসব হিসাব পুনরায় চালুর উদ্যোগ নেয়ার জন্য গত ২০ জুলাই বিএসইসি চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানায় ডিবিএ। সংগঠনটির এ আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে বন্ধ হিসাবগুলোতে পুনরায় লেনদেনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় কমিশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
ডিবিএর প্রত্যাশা, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের আওতায় আসবে। এতে পুঁজিবাজারে তারল্যপ্রবাহ ও লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারেও ইতিবাচক ভূমিকা রাখবে সিদ্ধান্তটি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বন্ধ বিও হিসাবের কারণে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে আর্থিক ও বাণিজ্যিক সংকটে রয়েছে। হিসাবগুলো পুনরায় চালু হলে এসব প্রতিষ্ঠানের আটকে থাকা বিনিয়োগ ও শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হবে। এতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পুনরুদ্ধারের পাশাপাশি সামগ্রিক পুঁজিবাজারে গতিশীলতা বাড়বে। দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতেও কাজ করার প্রত্যয় জানিয়েছে ডিবিএ।