জটিলতা কাটিয়ে ভুটানের পথে থাই পণ্যের ট্রান্সশিপমেন্ট

ভারত অনুমতি দেয়ায় চারদিনের জটিলতা কাটিয়ে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভুটান গেছে ট্রান্সশিপমেন্টের পণ্য।

ভারত অনুমতি দেয়ায় চারদিনের জটিলতা কাটিয়ে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভুটান গেছে ট্রান্সশিপমেন্টের পণ্য। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে কনটেইনারবাহী কার্গো ট্রাক চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতের দিকে পাঠানো হয়।

থাইল্যান্ড থেকে আসা এসব পণ্য ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর হয়ে লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে আসে। সেগুলো ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটান পৌঁছার কথা। কিন্তু ভারতের অনুমতি না পাওয়ায় শুক্রবার থেকে পণ্যবাহী কনটেইনার বুড়িমারী স্থলবন্দরে আটকে ছিল।

বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ‘ভারতের অনুমতি পাওয়ার পরই ভুটানের জন্য আমদানি করা থাই পণ্যের চালানটি পাঠানো হয়েছে। সেখান থেকে ভারতীয় ট্রানজিট রুট হয়ে পণ্য ভুটানে পৌঁছবে।’

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন বলেন, ‘ভারত ও ভুটানের সরকারি ছুটির কারণে অনুমতি পেতে দেরি হয়েছে। পাশাপাশি বাণিজ্য সচিব পর্যায়ের চুক্তিতে বুড়িমারী রুট উল্লেখ না থাকায় কিছু জটিলতাও ছিল। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ভারত অনুমোদন দিয়েছে।’

আরও