যুক্তরাষ্ট্রের সরকারের শাটডাউনের কারণে ডলারের বিনিময় হার কমে গেছে। এছাড়া খনি থেকে চলমান সরবরাহ বিঘ্নের কারণে তামার বাজারমূল্যে গত বুধবার ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহের চুক্তিতে এদিন ধাতব পণ্যটির দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১০ হাজার ৩০৭ ডলারে। খবর বিজনেস রেকর্ডার।
এদিকে জাতীয় উৎসবের কারণে চীনের বাজার কার্যক্রম ১-৮ অক্টোবর পর্যন্ত বন্ধ। এ বিষয়ে সুকডেন ফাইন্যান্সিয়ালের একটি নোটে বলা হয়েছে, চীনের বাজারে অংশগ্রহণকারীদের অনুপস্থিতি সামনের কয়েক দিনে তামার দামের ওঠানামা বাড়াতে পারে।
ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ খনিতে ফ্রিপোর্ট-ম্যাকমোরান কর্তৃক জারি করা ফোর্স মেজরের (অনিবার্য কারণবশত কার্যক্রম স্থগিত) কারণে গত সপ্তাহ থেকে তামার দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে।
এছাড়া চিলির অ্যানটোফাগাস্তার লস পেলাম্ব্রেস খনির ইউনিয়ন ফর সুপারভাইজরস নতুন চুক্তি বাতিল করার পর সম্ভাব্য হরতালও দাম বাড়াকে প্রভাবিত করতে পারে। ইউনিয়নের একজন নেতা গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
বিশ্বের শীর্ষ তামা উৎপাদনকারী দেশ চিলি। গত আগস্টে দেশটি ৯ দশমিক ৯ শতাংশ হারে উৎপাদন কমিয়েছে, যা গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় পতন।