ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্র্যাক ব্যাংকের সুদ আয় হয়েছে ৪ হাজার ৫৩০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৬৮৮ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ সভা ২৮ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির চলতি ২০২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্র্যাক ব্যাংকের সুদ আয় হয়েছে ৪ হাজার ৫৩০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৬৮৮ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ১ হাজার ৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, ২০২৫ হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০৬ কোটি টাকা। এতে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৫৭ শতাংশ বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে ব্র্যাক ব্যাংকের এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ২ হাজার ২৫০ কোটি টাকা নিট মুনাফা করেছিল ব্যাংকটি, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় ৯ টাকা ১২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ১৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৬ পয়সায়। ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্র্যাক ব্যাংক।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের ইপিএস হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।

ব্র্যাক ব্যাংকের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিত অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি, পরিশোধিত মূলধন ২ হাজার ২৮৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ও রিজার্ভে রয়েছে ৫ হাজার ৪২৯ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৮৮ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৯২। এর ৪৬ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ১৫, বিদেশী বিনিয়োগকারী ৩২ দশমিক ৩৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

আরও