ইইউতে ইভি বিক্রি বেড়েছে প্রায় ৭৩ শতাংশ

ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সংগঠন ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) গতকাল এসব তথ্য জানায়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিক্রি বেড়েছে। গত সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাটারিচালিত ইভির নিবন্ধন বেড়েছে ৭২ দশমিক ৯ শতাংশ। বিপরীতে পেট্রল ও ডিজেলচালিত গাড়ির নিবন্ধন কমেছে। ইভির বিক্রি বাড়ায় গত মাসে সামগ্রিকভাবে ইউরোপের গাড়ির বাজারেও প্রবৃদ্ধি দেখা গেছে। খবর আনাদোলু।

ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সংগঠন ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) গতকাল এসব তথ্য জানায়। সংগঠনটির তথ্যমতে, সেপ্টেম্বরে ইইউতে ২ লাখ ৯০ হাজার ১১৭টি ব্যাটারিচালিত ইভি নিবন্ধিত হয়েছে। আগের বছরের একই মাসে এ সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে কম। এ সময় ইইউর বাজারে নতুন যাত্রীবাহী গাড়ির মোট নিবন্ধন বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।

ইভির বাজারে বড় প্রবৃদ্ধি দেখা গেছে ইউরোপের প্রধান কয়েকটি দেশে। সেপ্টেম্বরে ফ্রান্সে এ ধরনের গাড়ির নিবন্ধন বেড়েছে ১০৭ দশমিক ৫ শতাংশ। জার্মানিতে বেড়েছে ৯৪ দশমিক ৭ শতাংশ। স্পেন ও ইতালিতে নিবন্ধন বেড়েছে যথাক্রমে ৭১ দশমিক ৭ ও ৪৭ দশমিক ৩ শতাংশ।

শুধু ব্যাটারিচালিত গাড়ি নয়, হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রিও বেড়েছে। সেপ্টেম্বরে ইইউ অঞ্চলে হাইব্রিড গাড়ির নিবন্ধন ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ লাখ ৩০ হাজার ৬৯৩টিতে পৌঁছেছে। প্লাগ-ইন হাইব্রিড গাড়ির নিবন্ধন বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ। এ সময় এ ধরনের গাড়ি নিবন্ধিত হয়েছে ১ লাখ ২ হাজার ২৬৭টি। অন্যদিকে পেট্রলচালিত গাড়ির নিবন্ধন কমেছে ২৩ দশমিক ৪ শতাংশ। ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে এ পতন ২৯ দশমিক ৬ শতাংশ।

আরও