গত আট মাসে সর্বোচ্চ ছাড়ে স্বর্ণ বেচাকেনা করছে ভারত

আন্তর্জাতিক বাজারে ৩ হাজার ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম।

আন্তর্জাতিক বাজারে ৩ হাজার ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। রেকর্ড দামের কারণে দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারী দেশ ভারতে মূল্যবান ধাতুটির চাহিদা বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী আছে। ফলে ছাড়ে স্বর্ণ বেচাকেনা করছেন দেশটির ব্যবসায়ীরা। গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ বেড়ে গত আট মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এছাড়া অন্যান্য প্রধান বাজারেও গ্রাহকরা ক্রয় কমিয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্স।

গত সপ্তাহে ভারতীয় ডিলাররা সরকারিভাবে নির্ধারিত অভ্যন্তরীণ মূল্যের তুলনায় প্রতি আউন্সে সর্বোচ্চ ৩৯ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। এতে সরকারিভাবে নির্ধারিত মূল্যের ওপর ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত। এর আগের সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল আউন্সপ্রতি ১০-২১ ডলার।

এদিকে বৃহস্পতিবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ৮৭ হাজার ৮৮৬ রুপিতে পৌঁছেছে। চেন্নাইভিত্তিক এক বুলিয়ন ব্যবসায়ী বলেন, ‘সারা দেশের গহনা ব্যবসায়ীরা কম ক্রেতা পাচ্ছেন। দামের ঊর্ধ্বগতির কারণে চাহিদার বড় ধরনের পতন হয়েছে।’

মুম্বাইয়ের এক বুলিয়ন-আমদানিকারক ব্যাংকের ডিলার বলেন, ‘গহনা ব্যবসায়ীরা চলতি অর্থবছর শেষ হওয়ার আগে উচ্চমূল্যে নতুন মজুদ গড়তে আগ্রহী নন। কারণ তারা হিসাব-নিকাশ চূড়ান্ত করায় ব্যস্ত।’ উল্লেখ্য, ভারতে ৩১ মার্চ চলতি অর্থবছর শেষ হবে।

ভারতের স্বর্ণ আমদানি ফেব্রুয়ারিতে গত বছরের তুলনায় ৮৫ শতাংশ কমেছে। রেকর্ড মূল্যের কারণে চাহিদা কমায় তা ২০ বছরের সর্বনিম্নে নেমেছে।

বিশ্বের বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশ চীনে স্বর্ণের দাম স্পট মার্কেটের তুলনায় প্রতি আউন্সে ১ ডলার ছাড় থেকে ১৮ ডলার মূল্য সংযোজন করে বেচাকেনা হচ্ছে। হংকংয়ের ডিলাররা প্রতি আউন্স স্বর্ণের ক্ষেত্রে ২ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করে বেচাকেনা করছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশ্লেষক সুকি কুপার এক নোটে জানিয়েছেন, ‘উচ্চমূল্যের কারণে চীনের বাজার কার্যক্রম কমেছে।’

জাপানে স্বর্ণের মূল্য প্রতি আউন্সে ৩ ডলার ছাড় থেকে ৫০ সেন্ট পর্যন্ত মূল্য সংযোজন করা হচ্ছে। এক ব্যবসায়ী বলেন, ‘ট্রাম্পের নীতির কারণে বাজার অস্থিতিশীল ও অনিশ্চিত হয়ে উঠেছে। বিনিয়োগকারীরা বর্তমানে বাজারের স্পষ্ট প্রবণতা দেখার অপেক্ষায় আছেন।’

এক ব্যবসায়ী জানান, সিঙ্গাপুরে প্রতি আউন্স স্বর্ণে ৫০ সেন্ট ছাড় থেকে ৩ ডলার মূল্য সংযোজনের মধ্যে ওঠানামা করেছে।

আরও