১৪ সপ্তাহের সর্বোচ্চে মালয়েশীয় পাম অয়েলের দাম

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়ে গত ১৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়ে গত ১৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ (ডিসিই) ও শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) অন্যান্য ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি পাম অয়েলের বাজারদর ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহের জন্য পাম অয়েলের দাম টনে বেড়েছে ১০৬ রিঙ্গিত বা ২ দশমিক ৫২ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৩১৬ রিঙ্গিতে (১ হাজার ১৭ ডলার ৯২ সেন্ট)। সপ্তাহজুড়ে পাম অয়েলের দাম বেড়েছে ৩ দশমিক ৪০ শতাংশ।

সিঙ্গাপুরভিত্তিক ব্রোকারেজ কোম্পানি ফিলিপ নোভার কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যারেন লিম জানান, শিকাগো বাজারে সয়াবিন তেল ও ডালিয়ানে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে পাম ও সয়াবিন তেলের বাজারদর শক্তিশালী অবস্থানে থাকায় পাম অয়েলের দাম বেড়েছে।

পাশাপাশি ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় হার কমে যেতে পারে, এমন খবরও মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

ডালিয়ানে সয়াবিন তেলের দাম ১ দশমিক ৩৪ শতাংশ ও পাম অয়েলের দাম ২ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। সিবিওটিতে সয়াবিন তেলের দর ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বিনিয়োগকারীরা অপরিশোধিত তেলের দাম কিছুটা বাড়ে। পণ্যটির মূল্যবৃদ্ধি বায়োডিজেল উৎপাদনের কাঁচামাল হিসেবে পাম অয়েলের চাহিদা বাড়াতে পারে।

এদিকে বেসরকারি পরিদর্শন সংস্থা অ্যামস্পেক অ্যাগ্রি মালয়েশিয়া জানিয়েছে, জুলাইয়ের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া থেকে পাম অয়েল রফতানি জুনের প্রথমার্ধের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ কমেছে। আরেক পরিদর্শন সংস্থা ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস রফতানিতে ৬ দশমিক ২ শতাংশ হ্রাসের তথ্য দিয়েছে।

আরও