সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

বাজারে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় কয়েক বছরের মধ্যেই সাইবারট্রাক উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেসলা।

বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ২০২৭ সাল থেকে আলোচিত পিকআপ ট্রাক সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। এ গাড়ি তৈরির কারখানায় দুই আসনের চালকবিহীন রোবোট্যাক্সি সাইবারক্যাব তৈরি করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক। খবর টেকক্রাঞ্চ।

বাজারে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় কয়েক বছরের মধ্যেই সাইবারট্রাক উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। ২০২৩ সালের শেষ দিকে প্রথম দফায় গ্রাহকদের হাতে গাড়িটি তুলে দেয় প্রতিষ্ঠানটি। তখন বছরে প্রায় আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্য নির্ধারণ করেন ইলোন মাস্ক। গাড়িটির ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী ছিল টেসলা। ওই সময় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কারখানা নির্মাণের আগেই সেটিকে ‘সাইবারট্রাক ফ্যাক্টরি’ হিসেবে পরিচয় করিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

তবে বাস্তবে সেই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি প্রতিষ্ঠানটি। গাড়িটির ব্যতিক্রমী নকশা ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রত্যাশার চেয়ে বেশি দামও বিক্রি কম হওয়ার অন্যতম কারণ।

বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠানটি এখন ইভির পাশাপাশি এআই ও রোবট প্রযুক্তিনির্ভর ব্যবসায় বেশি গুরুত্ব দিচ্ছে। এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হলো চালকবিহীন ট্যাক্সি সেবা।

উৎপাদন বন্ধ করে অন্য প্রযুক্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এটি টেসলার প্রথম সিদ্ধান্ত নয়। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি মডেল এস সেডান ও মডেল এক্স এসইউভির উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়।

ইলোন মাস্ক ২০১৯ সালে প্রথম সাইবারট্রাকের ঘোষণা দেন। গাড়িটির নকশা তৈরিতে তার ব্যক্তিগত আগ্রহও ছিল অনেক। সে সময় পিকআপ ট্রাক টেসলার পরবর্তী গুরুত্বপূর্ণ পণ্যগুলোর একটি হবে বলেও জানান তিনি। বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র ‘ব্লেড রানার’-এর নকশা থেকে অনুপ্রাণিত হয়ে গাড়িটি তৈরি করা হয়। স্টিলের তৈরি এর বাইরের কাঠামো ও ব্যতিক্রমী আকৃতি শুরু থেকেই আলোচনায় ছিল।

তবে গাড়িটির দাম ও চলার দূরত্ব নিয়ে প্রাথমিক প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি টেসলা। ২০১৯ সালে উন্মোচনের সময় গাড়িটির প্রারম্ভিক দাম ৪০ হাজার ডলারের কম ও একবার চার্জে সর্বোচ্চ ৫০০ মাইল চলার দাবি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এর কোনোটিই বাস্তবায়িত হয়নি।

কভিড-১৯ মহামারীসহ বিভিন্ন কারণে গাড়িটির উৎপাদন শুরু করতে দুই বছর বিলম্ব হয়। ২০২৩ সালের শেষ দিকে বাজারে আসার সময় এর প্রারম্ভিক দাম বেড়ে দাঁড়ায় প্রায় ৬০ হাজার ডলারে। একই সঙ্গে সর্বোচ্চ চলার দূরত্বও প্রাথমিক ঘোষণার তুলনায় ১০০ মাইলের বেশি কমে যায়।

আরও