খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ই-কমার্স প্লাটফর্ম চালুর সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে গোল্ডেন হারভেস্ট শপ নামে নতুন একটি ই-কমার্স প্লাটফর্ম চালু করার অনুমোদন দিয়েছে কোম্পানিটির পর্ষদ। অনলাইনভিত্তিক ক্রেতাদের কাছে কোম্পানিটির পণ্য পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৯ মার্চ ই-কমার্স ব্যবসা শুরুর পরিকল্পনা করে গোল্ডেন হারভেস্ট। এর ধারাবাহিকতায় ওই বছরের ১৬ আগস্ট গোল্ডেন হারভেস্ট সার্ভাস লিমিটেড নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম উদ্বোধন করে কোম্পানিটি। তবে দেশের অস্থিতিশীল অর্থনীতির মধ্যে ২০২২ সালের ২৯ আগস্ট ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ থেকে সরে দাঁড়ায় কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) গোল্ডেন হারভেস্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন হারভেস্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪৯ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন হারভেস্টের ইপিএস হয়েছিল ২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন হারভেস্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সায়।
গোল্ডেন হারভেস্টের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ফোর’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্টের অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৩ কোটি ৭২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২১। এর ৩০ দশমিক ৪২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৫৬, বিদেশী বিনিয়োগকারী ৩১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩০ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে।