বিশ্ববাজারে তামার দাম তিন সপ্তাহের সর্বোচ্চে

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চাহিদা ও দীর্ঘমেয়াদি ব্যবহার বৃদ্ধির পূর্বাভাসে বিশ্ববাজারে তামার দাম বেড়েছে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গত শুক্রবার তামা টনপ্রতি ১৩ হাজার ৪৭২ ডলারে বেচাকেনা হয়েছে। এটি গত ৪ ফেব্রুয়ারির পর ধাতুটির সর্বোচ্চ দাম। তামা টানা সপ্তম মাসের মতো দরবৃদ্ধির পথে রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিনিয়োগকারীরা গত অক্টোবর থেকে তামা বা টিনের মতো শিল্প ধাতুতে বিনিয়োগ বাড়িয়েছেন। এ কারণে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বাড়ছে। বিদ্যুৎ ও নির্মাণ খাতে ব্যবহারের জন্য চলতি বছর এখন পর্যন্ত তামার দাম ৯ শতাংশ বেড়েছে। এর আগে জানুয়ারি শেষে ধাতুটির দাম রেকর্ড ১৪ হাজার ৫২৭ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল।

চীনের নয়দিনের চান্দ্র নববর্ষের ছুটি শেষে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) তামার মজুদ ১০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। বর্তমানে সেখানে মজুদের পরিমাণ ৩ লাখ ৯১ হাজার ৫২৯ টনে দাঁড়িয়েছে। উচ্চমূল্যের কারণে কিছু ক্ষেত্রে চাহিদা কমলেও নবায়নযোগ্য জ্বালানি ও ডেটা সেন্টারে তামার ব্যবহার অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আর্থিক সেবা প্রতিষ্ঠান ইউবিএস এক নোটে জানিয়েছে, আগামী ১৩ মাসে তামার স্পট মূল্য ১৫ হাজার ডলারে পৌঁছতে পারে। ২০২৬ সালে বিশ্বব্যাপী ধাতুটির ব্যবহার ২ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। ২০২৫ সালে তামার বাজারে ২ লাখ ৩ হাজার টন ঘাটতি থাকলেও চলতি বছরে তা ৫ লাখ ২০ হাজার টনে পৌঁছবে।

অন্যান্য শিল্প ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টন অ্যালুমিনিয়াম ৩ হাজার ১৫২ ডলারে কেনাবেচা হয়েছে।

আরও