ডাটা সেন্টার নির্মাণে ইন্ডিয়ানায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ অ্যামাজনের

যুক্তরাষ্ট্রের নর্দার্ন ইন্ডিয়ানায় ডাটা সেন্টার ক্যাম্পাস নির্মাণে প্রায় ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে অ্যামাজন।

যুক্তরাষ্ট্রের নর্দার্ন ইন্ডিয়ানায় ডাটা সেন্টার ক্যাম্পাস নির্মাণে প্রায় ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে অ্যামাজন। ই-কমার্স জায়ান্টটি জানিয়েছে, দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চাহিদা সামাল দিতে ক্লাউড কম্পিউটিং ক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। খবর রয়টার্স।

অ্যামাজন জানিয়েছে, গত বছর ঘোষিত ১ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগের পাশাপাশি নতুন এ প্রকল্পের মাধ্যমে নর্দার্ন ইন্ডিয়ানায় আরো ২ দশমিক ৪ গিগাওয়াট ডাটা সেন্টার পরিচালনা করা যাবে। উদ্যোগটি থেকে ১ হাজার ১০০টি কর্মসংস্থান সৃষ্টি হওয়ারও আশা করা হচ্ছে।

২০১০ সাল থেকে ইন্ডিয়ানায় এরই মধ্যে ৩ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড পরিষেবা প্রদানকারী অ্যামাজন। অ্যামাজন গত সোমবার দুটি আলাদা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

অ্যালফাবেট, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো সম্প্রতি এআই অবকাঠামো তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। তবে এত বিনিয়োগের পরও এক খাত থেকে উল্লেখযোগ্য আয় আসছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

নর্দার্ন ইন্ডিয়ানায় বিনিয়োগের পাশাপাশি কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর জন্য এআই ও সুপারকম্পিউটিং সক্ষমতা বাড়াতে ৫ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করেছে কোম্পানির ক্লাউড সেবা বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)।

ইন্ডিয়ানা প্রকল্পের জন্য অ্যামাজন এ অঞ্চলের শীর্ষ প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি এনআইপিএসসিওর সঙ্গে একটি চুক্তি করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নতুন ডাটা সেন্টার পরিচালনার জন্য যে বিদ্যুৎ খরচ হবে, তার পুরোটাই অ্যামাজন নিজেরাই বহন করবে। স্থানীয় মানুষ কিংবা ব্যবসায়ীদের কোনো অতিরিক্ত বিল দিতে হবে না।

আরও