বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। অভ্যন্তরীণ বাজারগুলোতেও দাম ক্রমে বাড়ছে। ফলে বেশ কয়েকদিন ধরেই এশিয়ার প্রধান বাজারগুলোয় মূল্যবান ধাতুটির চাহিদা কমছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্বর্ণের দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারী দেশ ভারত। দেশটিতে অভ্যন্তরীণভাবে শুক্রবার প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ৮০ হাজার ৩৪ (৯২৭ ডলার ৬৯ সেন্ট) রুপিতে পৌঁছেছে। ফলে ব্যবসায়ীরা ধাতুটি বেচাকেনায় গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি ছাড় দিয়েছেন।
চলতি সপ্তাহে ভারতীয় ডিলাররা আনুষ্ঠানিক দেশী দামের তুলনায় প্রতি আউন্সে ৩৮ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত ছিল। গত সপ্তাহে আউন্সপ্রতি এ ছাড়ের পরিমাণ ছিল ৩০ ডলার।
চেন্নাইভিত্তিক এক বুলিয়ন ডিলার বলেন, ‘মূল্যবৃদ্ধির কারণে চলতি সপ্তাহে খুচরায় স্বর্ণের চাহিদা প্রায় নেই বললেই চলে। বেশির ভাগ গহনা দোকানগুলোয় ক্রেতা খুব কম ছিল।’
মুম্বাইভিত্তিক একটি বুলিয়ন আমদানি ব্যাংকের ডিলার বলেন, ‘গহনা বিক্রেতাদের কাছে স্বর্ণের চাহিদা অনেক কমেছে। কিছু বিক্রেতা অনুমান করছেন, সরকার আগামী সপ্তাহের বার্ষিক বাজেটে আমদানি শুল্কের কাঠামো পরিবর্তন করতে পারে।’
এদিকে স্বর্ণের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের ডিলাররা আন্তর্জাতিক দামের ওপর আউন্সপ্রতি ১০ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করেছেন। এ সময় তারা আউন্সে ছাড় দিয়েছেন ১০ ডলার। গত সপ্তাহে ৩-১৩ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করেছিলেন ব্যবসায়ীরা।
হংকংয়ে প্রতি আউন্স স্বর্ণে ২ ডলার মূল্য সংযোজন করে বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। জাপানে প্রতি আউন্সে ১ ডলার ছাড় ও ১ ডলার মূল্য সংযোজন করা হচ্ছে।