যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক বেকারত্ব দাবি তিন বছরের সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রে সপ্তাহ ভিত্তিতে নতুন বেকারত্ব সুবিধার জন্য আবেদনকারীর সংখ্যা তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রে সপ্তাহ ভিত্তিতে নতুন বেকারত্ব সুবিধার জন্য আবেদনকারীর সংখ্যা তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর আগে বলা হয়েছিল, দেশটির বেসরকারি খাতে নভেম্বরে রেকর্ড পরিমাণ কর্মসংস্থান কমেছে। এখন বেকারত্বের দাবি হ্রাস যুক্তরাষ্ট্রের শ্রমবাজার পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কাকে প্রশমিত করেছে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

অবশ্য এমনও বলা হচ্ছে, থ্যাংকস গিভিং ডের মতো বড় ছুটির সময় ব্যস্ততা, অফিস বন্ধ বা সরকারি কর্মসূচি পরিবর্তনের কারণে নতুন বেকারত্ব দাবির তথ্য ঠিক সময়ে জমা পড়ে না। ফলে বেকারত্ব দাবির সংখ্যা হঠাৎ কমে যেতে পারে।

তবুও অর্থনীতিবিদরা বলছেন, সাপ্তাহিক বেকারত্ব দাবির প্রতিবেদন অর্থনৈতিক সক্ষমতা সম্পর্কে সবচেয়ে সময়োপযোগী তথ্য সরবরাহ করে। সাম্প্রতিক তথ্য স্থিতিশীল শ্রমবাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনলাইন ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গবেষণা সংস্থা রেভেলিও ল্যাবস জানিয়েছে, নভেম্বরে মার্কিন শ্রমবাজারে কর্মসংস্থান কমেছে নয় হাজার। এর আগে আলাদা মাপকাঠিতে নির্ণীত এডিপির কর্মসংস্থান প্রতিবেদনে দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান কমার তথ্য দেয়া হয়। দুটি পরিসংখ্যান তুলনা করে এফডব্লিউডি বন্ডসের প্রধান অর্থনীতিবিদ ক্রিস্টোফার রাপকি বলেছেন, ‘বিকল্প পরিসংখ্যানের মাধ্যমে প্রাপ্ত তথ্য সম্ভবত মার্কিন শ্রমবাজারের দুর্বলতাকে অতিরঞ্জিতভাবে দেখাচ্ছে।’

তিনি জানান, ফেডারেল রিজার্ভের (ফেড) বিশ্লেষকরা হয়তো পুনরায় হিসাব-নিকাশ করবেন। কারণ নিশ্চিতভাবেই বলা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি পতনের ঝুঁকিতে নেই। এর আগে রেকর্ড কর্মসংস্থান হ্রাসের কারণে বাজারে সুদহার কমার প্রত্যাশা বাড়ে।

যুক্তরাষ্ট্রে নভেম্বরের শেষ সপ্তাহে অঙ্গরাজ্য পর্যায়ের বেকারত্ব সুবিধার জন্য প্রাথমিক আবেদন ১ লাখ ৯১ হাজারে নেমে আসে, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। রয়টার্সের অর্থনীতিবিদদের জরিপে প্রাক্বলন করা হয়েছিল, বেকারত্বের দাবি হবে ২ লাখ ২০ হাজার।

অবশ্য বেকারত্ব সুবিধা আবেদন হ্রাস শ্রমবাজারের স্থবিরতায় পরিবর্তন আনবে, এমনটা মনে করেন খুব কম বিশ্লেষক। কারণ কিছু শিল্প এবং ছোট ও মাঝারি আকারের সংস্থায় কর্মসংস্থান কমছে এবং নিয়োগ প্রায়ই ধীর।

নিয়োগসংক্রান্ত সংস্থা চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস আরেক প্রতিবেদনে দেখিয়েছে, নভেম্বরে মার্কিন নিয়োগকর্তাদের পরিকল্পিত কর্মসংস্থান হ্রাস ৫৩ শতাংশ কমে ৭১ হাজার ৩২১-এ নেমেছে।

চলতি বছরে মার্কিন নিয়োগকর্তারা প্রায় ১১ লাখ ৭১ হাজার চাকরি কমার ঘোষণা করেছেন, যা ২০২৪ সালের প্রথম ১১ মাসের তুলনায় ৫৪ শতাংশ বেশি। কমে যাওয়া চাকরির বেশির ভাগই হয়েছে প্রযুক্তি খাতে, যার কারণ কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভরতা।

আরও