২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে। গত মাসে ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন প্লাটফর্মে এক দোয়া মাহফিলের মাধ্যমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড ব্যাংক সম্প্রতি কভিডে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকার ২৩টি শাখার মাধ্যমে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত মোট ২ হাজার ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ, চার কেজি আলু ও একটি সাবান। শাখাগুলোর কর্মীরা শাখাস্থ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাড়িতে গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন।