আম উৎপাদনের জন্য প্রসিদ্ধ এলাকায় আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আগামী শনিবার ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হওয়ায় ওই দিন ব্যাংক বন্ধ থাকবে। দেশের সবকটি ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে বুধবার (৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো পত্রে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, চলতি আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমসত্মাপুর ও ভোলাহাট উপজেলা), নওগাঁ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা), রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা স্থায়ী বা অস্থায়ী আমের বাজার সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি নিরসনে আগামী ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার (ঈদের দিন ব্যতীত) পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক আপনাদের স্বীয় বিবেচনায় সীমিত পরিসরে ব্যাংকের শাখা বা উপশাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।