সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো মাষকলাই আমদানি শুরু হয়েছে চলতি অর্থবছরের জুলাইয়ে। এর পরও অঞ্চলটিতে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী বলে জানা গেছে। গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মুদি ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে আমদানীকৃত মাষকলাই খুচরায় বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি দরে, দুই-তিন সপ্তাহ আগেও যা ছিল ১১৫-১২০ টাকা।
দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘সাতক্ষীরায় ডাল-কুমড়ার বড়ি তৈরি শুরু হয়েছে। এ কারণে মাষকালাই ডালের চাহিদা বেড়েছে। তবে সে তুলনায় সরবরাহ কম। তাই পণ্যটি এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে।’
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে স্থলবন্দরটি দিয়ে মাষকলাই আমদানি হয়েছে ৮ হাজার ৬২২ টন, যার মূল্য ছিল ১১৮ কোটি ২৯ লাখ টাকা।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে ১১৩ টন উৎপাদন লক্ষ্য সামনে রেখে জেলায় ৯০ হেক্টর জমিতে মাষকলাইয়ের আবাদ হয়েছে। স্থানীয়ভাবে যা উৎপাদন হয় তা দিয়ে জেলার চাহিদা মেটে না। ফলে অন্য জেলা থেকে আনাসহ পণ্যটি আমদানি করে চাহিদা মেটানো হয়।
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, বাজারে সরবরাহ ঘাটতির কারণে দাম কিছুটা বেড়েছে। বাজারে নতুন মাষকলাই ডালের সরবরাহ শুরু হলে দাম কমে আসতে পারে।