বাংলাদেশী স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল থেকে ১৮০ কোটি টাকার (প্রায় দেড় কোটি ডলার) বিনিয়োগ পেয়েছে।
স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী প্রতিষ্ঠানটি এ বিনিয়োগের মাধ্যমে দেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছে। টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে আগ্রহী ফাস্ট পাওয়ার টেক।
সেই লক্ষ্যে গত ১ মে চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড এবং বাংলাদেশের ফাস্ট পাওয়ার টেকের মধ্যে একটি যৌথ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। ফাস্ট পাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায়, বাংলাদেশে একটি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক তৈরি করা হবে। এর অধীনে এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকল (ইআরইভি) এবং প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) প্রযুক্তির জন্য এনইউসিএলের কার-ক্লাউড নেটওয়ার্কের মাধ্যমে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এ অংশীদারত্ব জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের মতে, স্থানীয় শিল্প বিকাশের সঙ্গে অত্যাধুনিক চীনা প্রযুক্তির সমন্বয় এবং স্টেডফাস্ট কুরিয়ারের বিদ্যমান অবকাঠামো ব্যবহারের মাধ্যমে এ যৌথ উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে সহায়ক হবে।
স্টেডফাস্ট ও ফাস্ট পাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, ‘বর্তমানে আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ও লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ ব্যাটারি এবং সৌরশক্তির মতো কিছু নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করছি। নতুন বিনিয়োগ ও যৌথ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে একটি কারখানা স্থাপন করা হবে। এর জন্য দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে।’