সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবি অভ্যন্তরীণ অর্থনীতিকে বহুমাত্রিক করার উদ্যোগ নিয়েছে। ফলে জ্বালানি তেলবহির্ভূত খাতে বেশ কয়েকদিন ধরে প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। আবুধাবির অর্থনীতি ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ সম্প্রসারণ হয়েছে। মঙ্গলবার আবুধাবি স্ট্যাটিসটিকস সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ন্যাশনাল।
প্রতিবেদন অনুসারে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আবুধাবির অর্থনৈতিক প্রবৃদ্ধির রেকর্ড ৩০ হাজার ১৮০ কোটি দিরহামে (৮ হাজার ২২০ কোটি ডলার) উন্নীত হয়। একই সময়ে জ্বালানি তেলবহির্ভূত খাতে প্রবৃদ্ধি ঘটেছে ৬ দশমিক ৬ শতাংশ। আর মোট অর্থনীতিতে এ খাতের হিস্যা ৫৪ শতাংশ ছাড়িয়ে গেছে। এছাড়া ২০২৪ সালের প্রথম নয় মাসে আবুধাবির অর্থনীতি ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। জ্বালানি তেলবহির্ভূত খাতে সম্প্রসারণের পরিমাণ ছিল ৫ দশমিক ৯ শতাংশ।
আবুধাবি ডিপার্টমেন্ট অব ইকোনমিক ডেভেলপমেন্টের চেয়ারম্যান আহমেদ আল জাবি বলেন, ‘অর্থনীতির বৈচিত্র্যকরণ, সক্রিয় ও উন্নত নীতিকাঠামোর কারণে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ছে। তাছাড়া বৈশ্বিক অর্থনীতি ও বাজারের উত্থান-পতন মোকাবেলায়ও যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে এসব অর্থনীতি।’
তিনি আরো বলেন, ‘উল্লেখযোগ্য সরকারি মূলধন বিনিয়োগ আবুধাবির অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করছে। এছাড়া দেশটি দ্রুত উন্নয়নশীল খাতগুলোর বিকাশে সরকারি-বেসরকারি অংশীদারত্ব শক্তিশালী করার ওপর মনোযোগ দিচ্ছে।’
সাম্প্রতিক সময়ে আবুধাবি জ্বালানি তেল খাতের বাইরে হসপিটালিটি, রিয়েল এস্টেট, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। পাশাপাশি জীববিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন শিল্পের দিকে মনোযোগ দিয়েছে। আবুধাবি স্ট্যাটিসটিকস সেন্টারের তথ্যানুযায়ী, গত বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত আবুধাবির নির্মাণ খাতে ১০ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ঘটেছে, যার আর্থিক মূল্য ছিল ২ হাজার ৬৭০ কোটি দিরহাম। এ সময় রিয়েল এস্টেট খাতের প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭০ কোটি দিরহামে পৌঁছেছে।
ডিরেক্টর জেনারেল অব স্ট্যাটিসটিকস সেন্টার আবদুল্লাহ আলকেমজি বলেন, ‘টেকসই উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে আবুধাবি প্রশাসন। এছাড়া বৈচিত্র্যকরণের প্রতি মনোযোগ দেয়ায় শহরের অর্থনৈতিক উন্নয়নের গতি বেড়েছে।’
তিনি আরো বলেন, ‘২০২৩ সালে এ অঞ্চলে বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ৯০ হাজার ৪৫০ কোটি দিরহাম। এটি আবুধাবির ব্যবসায়িক পরিবেশকে গতিশীল করার সক্রিয় মনোভাবকে তুলে ধরে।’
এদিকে চলতি বছর আবুধাবি সরকার ১৪৪টি নতুন প্রকল্প অনুমোদন করেছে, যার বাজেট ধরা হয়েছে ৬ হাজার ৬০০ কোটি দিরহাম। এ প্রকল্পে মূলত আবাসন, শিক্ষা, পর্যটন ও প্রাকৃতিক সম্পদ খাতগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া এ প্রকল্পের আওতায় পরিবহন অবকাঠামোয় কৌশলগত বিনিয়োগসহ ট্রাফিক ব্যবস্থা উন্নতিতে বেশ কয়েকটি উদ্যোগ চালু করা হয়েছে। এতে বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি দিরহাম।