টানা চার কার্যদিবস পুঁজিবাজারে সূচকের নিম্নমুখিতা

গতকাল ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৪৫ পয়েন্ট।

পুঁজিবাজারে টানা চার কার্যদিবস ধরে সব ধরনের সূচকই আগের কার্যদিবসের তুলনায় কমেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট কমেছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা গিয়েছিল। এছাড়া এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও গতকাল আগের কার্যদিবসের চেয়ে কমেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও গতকাল সূচকের নিম্নমুখিতা দেখা গেছে।

গতকাল ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৪৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ পয়েন্ট কমে ২ হাজার ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৮২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮০ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন হাউজিং ও ইউসিবির শেয়ার।

ডিএসইতে গতকাল ৫৬৪ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৩৭ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭০টির ও দর অপরিবর্তিত ছিল ৪১টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৯ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১১ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাত ৯ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৭ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৮ শতাংশ।

গতকাল বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৫ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৪, সাধারণ বীমা খাতে ২ দশমিক ১, সেবা খাতে ২ ও ভ্রমণ খাতে ১ দশমিক ৯ শতাংশ।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৩ পয়েন্ট কমে ৮ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৬৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১০টির ও দর অপরিবর্তিত ছিল ১৮টির।

আরও