তিনদিন পর দর সংশোধন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২০ শতাংশ

দেশের পুঁজিবাজারে টানা তিন কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল দর সংশোধন হয়েছে।

দেশের পুঁজিবাজারে টানা তিন কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল দর সংশোধন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেন কমেছে প্রায় ২০ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও ধীরে ধীরে পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক ৫০ দশমিক ২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৩৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২০ দশমিক ৫ পয়েন্ট কমে ২ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৫০ পয়েন্ট। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ৮ দশমিক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৯৪ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও ইউসিবির শেয়ার।

ডিএসইতে গতকাল ৯১১ কোটি ৭৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ১৯ দশমিক ৮৪ শতাংশ। ১৯ এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২২টির, কমেছে ২০৭ আর অপরিবর্তিত ছিল ৬৮টির বাজারদর।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৪২ দশমিক ১ পয়েন্ট কমে ৯ হাজার ৪৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৬৮ দশমিক ২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর। গতকাল সিএসইতে ১০ কোটি ৫৭ লাখ টাকার টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২০ কোটি ১০ লাখ টাকা।

আরও