ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ জুনে ৩০ হাজার কোটি টাকা লেনদেন

লেনদেনে নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসির করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম ‘কর্পনেট’।

সদ্যসমাপ্ত জুনে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে এ প্লাটফর্মে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। দেশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ মাইলফলক অর্জিত হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্র্যাক ব্যাংক বলছে, মাসিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কর্পনেটের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার বেশি লেনদেন সম্পন্ন হয়েছে। এটি আগের বছরের একই সময়ের ১ লাখ ২ হাজার কোটি টাকার তুলনায় ৪০ শতাংশ বেশি। এ প্রবৃদ্ধিকে বাংলাদেশে করপোরেট ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরের প্রতিফলন হিসেবে দেখছে ব্যাংকটি। এছাড়া বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের মোট করপোরেট লেনদেনের ৮০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্পনেট ব্যবহারকারী ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এ প্লাটফর্ম ব্যবহারকারী করপোরেট ক্লায়েন্ট গ্রুপের সংখ্যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মোট লেনদেনের সংখ্যা ৪৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ২৪ মিলিয়নে পৌঁছেছে, যা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং প্লাটফর্মের ওপর করপোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লেনদেন বৃদ্ধির পাশাপাশি নতুন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে কর্পনেট সেবার পরিধিও আরো বিস্তৃত করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি চালু হওয়া এ-চালান, এ-ফোর চেক প্রিন্টিং এবং পে-অর্ডার ইস্যুয়েন্স সুবিধা করপোরেট গ্রাহকদের জন্য প্লাটফর্মটির কার্যকারিতা আরো বাড়িয়েছে। এছাড়া কর্পনেটের মাধ্যমে এখন রিয়েল টাইমে ডিজিটালি তিতাসের ইউটিলিটি বিল পরিশোধ করা যাচ্ছে। ফলে গ্রাহকদের ম্যানুয়াল প্রক্রিয়া অনুসরণ ও ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজনীয়তা কমেছে। এছাড়া ভার্চুয়াল অ্যাকাউন্ট-ভিত্তিক কালেকশন সলিউশনের মাধ্যমে চলতি বছরের প্রথমার্ধে কালেকশন ভলিউমে আগের বছরের তুলনায় ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পাওনা সমন্বয়, দ্রুত অর্থ সংগ্রহ ও কার্যকরভাবে ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবস্থাপনায় সহায়তা করছে।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. শাহীন ইকবাল বলেন, ‘কর্পনেটে রেকর্ডসংখ্যক ট্রানজ্যাকশন প্রমাণ করে যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম পরিচালনায় দ্রুতগতিতে ডিজিটাল ব্যাংকিং গ্রহণ করছে।’ এছাড়া ব্র্যাক ব্যাংক করপোরেট গ্রাহকদের নিরাপদ, কার্যকর এবং সম্প্রসারণযোগ্য ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন দিতে প্রযুক্তি ও উদ্ভাবনে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কর্পনেট হলো ব্র্যাক ব্যাংকের করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক গ্রাহকরা নিরাপদ ডিজিটাল মাধ্যমে পেমেন্ট, কালেকশন, লিকুইডিটি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে পারেন। প্লাটফর্মটি করপোরেট গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের বৃহত্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

আরও