অক্টোবর-ডিসেম্বর

সিঙ্গাপুর এয়ারলাইনসের রেকর্ড আয়

আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়ায় গ্রুপের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রেকর্ড ৫২০ কোটি ডলার আয় করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ), যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি।

আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়ায় গ্রুপের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রেকর্ড ৫২০ কোটি ডলার আয় করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ), যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে এসআইএ ও এর সাশ্রয়ী ক্যারিয়ার স্কুট ১ কোটি ২ লাখ যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেশি।

তবে প্রতিযোগিতামূলক পরিবেশে গ্রুপটির আয়ের ওপর চাপ সৃষ্টি করেছে। যাত্রী প্রতি কিলোমিটারে আয় ৪ দশমিক ৫ শতাংশ কমে ১০ দশমিক ৭ সেন্টে দাঁড়িয়েছে।

যাত্রী পরিবহন ৭ দশমিক ২ শতাংশ বাড়লেও আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় সিঙ্গাপুর এয়ারলাইনসের সক্ষমতা বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ রেকর্ডসংখ্যক যাত্রী পরিবহন করলেও এসআইএ ও স্কুটের সম্প্রসারণের সঙ্গে সংগতিপূর্ণ হয়নি।

৩১ ডিসেম্বর পর্যন্ত এসআইএ ও স্কুট প্রায় ২০০টি উড়োজাহাজ পরিচালনা করে। এ সময় এসআইএ বহরে একটি এয়ারবাস এ৩৫০-৯০০ এবং স্কুটে তিনটি এমব্রায়ার ই১৯০-ই২ উড়োজাহাজ যুক্ত হয়েছে। এছাড়া কয়েকটি নতুন রুটে পরিষেবা শুরু করে দুই এয়ারলাইনস, যা গ্রুপের যাত্রী নেটওয়ার্ককে ৩৬টি দেশ ও অঞ্চলের ১২৯টি গন্তব্যে সম্প্রসারিত করেছে।

গ্রুপটি তৃতীয় প্রান্তিকে ৬২ কোটি ৯০ লাখ পরিচালন মুনাফা অর্জনের রেকর্ড করেছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি। এ সময় নিট মুনাফা ১৪৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৬০ কোটি ডলারে পৌঁছেছে। এতে অবশ্য ভারতীয় উড়োজাহাজ সংস্থা ভিস্তারা বিক্রি থেকে প্রাপ্ত মুনাফা রয়েছে।

এদিকে এসআইএর কার্গো উড়োজাহাজের আয় ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। এসআইএ সাতটি কার্গো উড়োজাহাজ পরিচালনা করে, এগুলো ৩৭ দেশে ও অঞ্চলের ১৩৩টি গন্তব্যে পরিষেবা দিয়ে থাকে।

আরও