সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের একটি চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা ব্যবহার করে কম সুদে ছোট অঙ্কের বা ক্ষুদ্রঋণ দেবে ইউসিবি। পুরো প্রক্রিয়াটি মোবাইল ও ইন্টারনেটনির্ভর হওয়ায় গ্রাহকরা খুব তাড়াতাড়ি, সহজ আর স্বচ্ছভাবে এ ঋণ নিতে পারবেন। বিশেষ করে, যারা আগে ব্যাংকের সেবা পেতেন না, তাদের জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক রুপ রতন পাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় কর্মকর্তারা বলেন, এ ডিজিটাল ক্ষুদ্রঋণ ব্যবস্থা দেশের আর্থিক সেবা আরো সহজ করার পাশাপাশি কম আয়ের মানুষের জীবনযাত্রা উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
-বিজ্ঞপ্তি