বিশ্বে ধাতবপণ্যের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়াসহ অন্যান্য কারণে দেশটিতে বেশ কয়েক মাস ধরে ইস্পাতসহ অন্যান্য ধাতবপণ্যের চাহিদা ছিল নিম্নমুখী। সম্প্রতি দেশটির সরকার অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা দিয়েছে। এর পরও আগামী বছর ইস্পাতের চাহিদা ১ দশমিক ৫ শতাংশ কমতে পারে। গতকাল এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রায়ত্ত চায়না মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এমপিআই)। খবর রয়টার্স।
এমপিআই আরো জানায়, চলতি বছর চীনে ইস্পাতের চাহিদা কমতে পারে আগের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, চলতি ও আগামী বছর চীনের ইস্পাত ব্যবহারের পরিমাণ হতে পারে যথাক্রমে ৮৬ কোটি ৩০ লাখ ও ৮৫ কোটি টন।
এদিকে বিশ্বে ইস্পাত উৎপাদনেও শীর্ষ দেশ চীন। আমদানির পাশাপাশি দেশটির উৎপাদনও কমেছে। সোমবার প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ১১ মাসে দেশটি মোট ৯২ কোটি ৯১ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে, যা এর আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কম।