সৌদি আরবের পর্যটন খাতে গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর্মী সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, খাতটিতে কর্মসংস্থানের এ বৃদ্ধি দেশটির আতিথেয়তা পরিষেবা অবকাঠামো ও পর্যটক অর্থনীতির দ্রুত বিকাশের প্রতিফলন। খবর আরব নিউজ।
জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের (জিএএসটিএটি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সৌদি আরবের পর্যটন কার্যক্রমে অংশ নিয়েছে ১০ লাখ ৯ হাজার ৬৯১ কর্মী, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি।
সৌদি আরবে পর্যটন ও আতিথেয়তা পরিষেবা প্রতিষ্ঠানের লাইসেন্সপ্রাপ্তির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বার্ষিক ৪০ দশমিক ৬ শতাংশ বেড়ে গত বছরের তৃতীয় প্রান্তিকে এসব লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৬২২টিতে পৌঁছেছে। এর মধ্যে সার্ভিসড অ্যাপার্টমেন্ট ও অন্যান্য আতিথেয়তা পরিষেবা প্রতিষ্ঠা ছিল ৫২ দশমিক ৬ ও হোটেল ছিল ৪৭ দশমিক ৪ শতাংশ। এ সম্প্রসারণও কর্মী সংখ্যা বাড়াতে ভূমিকা রেখেছে।
পর্যটন খাতের এ অর্জন দেশটির উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে জিডিপিতে পর্যটনের অবদান দ্বিগুণ করে ১০ শতাংশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। খাতটি ২০৩০ সালের মধ্যে ১৬ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বছরে ১৫ কোটি পর্যটক আকর্ষণে কাজ করছে।
প্রতিবেদন অনুসারে, পর্যটন খাতে নিযুক্ত কর্মীর ৭৫ দশমিক ৭ শতাংশ বিদেশী, ৭ লাখ ৬৪ হাজার ৫২০ জন। সৌদি নাগরিক রয়েছেন ২ লাখ ৪৫ হাজার ১৭১, যা মোট পর্যটন কর্মীর ২৪ দশমিক ৩ শতাংশ।
লিঙ্গভিত্তিক বণ্টনে পুরুষ কর্মী প্রাধান্য বজায় রেখেছে ৮ লাখ ৭৫ হাজার ৬৫৮ জন। অন্যদিকে নারী কর্মীর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৩৩, যা মোট কর্মীর ১৩ দশমিক ৩ শতাংশ।
গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সৌদি আরবের গড় কক্ষ পূর্ণ থাকার হার ৪৯ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা এক বছরের মধ্যে ২ দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি।
একই সময় হোটেলের গড় দৈনিক কক্ষ ভাড়া ৩ দশমিক ৬ শতাংশ কমে ৩৪১ সৌদি রিয়াল বা ৯০ ডলার ৯০ সেন্টের সমতুল্য হয়েছে, যা এক বছর আগে ছিল ৩৫৪ সৌদি রিয়াল। সার্ভিসড অ্যাপার্টমেন্ট ও সমজাতীয় পরিষেবার গড় দৈনিক ভাড়া ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ২০৮ সৌদি রিয়াল হয়েছে, যা আগের বছর ২০০ সৌদি রিয়াল ছিল।