দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৪৮ শতাংশ। এর আগে টানা পাঁচ কার্যদিবস সূচক নিম্নমুখী ছিল। সূচক বাড়লেও গতকাল এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২০২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৯৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১১৫ পয়েন্ট।
গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা, মিডল্যান্ড ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার।
ডিএসইতে গতকাল ৫৩০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ২ দশমিক ৩১ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ১২০টির আর দর অপরিবর্তিত ছিল ৫০টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১১ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। ব্যাংক খাত ১১ দশমিক ৪ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৫ শতাংশ।
ডিএসইতে গতকাল তিনটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সাধারণ বীমা খাতে। এছাড়া ভ্রমণ ও অবকাশ খাতে ১ দশমিক ৬ ও তথ্যপ্রযুক্তি খাতে ১ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে গতকাল ডিএসইতে কাগজ ও মুদ্রণ খাতে সবচেয়ে বেশি ১ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ৯ এবং সেবা ও আবাসন খাতে দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২০ দশমিক ৯ পয়েন্ট কমে ৯ হাজার ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই দিনের ব্যবধানে ৩৪ দশমিক ৯ শতাংশ কমে ১৪ হাজার ৭২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৭৬টির আর দর অপরিবর্তিত ছিল ২২টির। গতকাল সিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ কোটি ৩৯ লাখ টাকা।