দেশের বিশেষায়িত অঞ্চলগুলোয় অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণে অনুমোদনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব শিল্পপ্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (সাবেক বিডা) আওতায় নিবন্ধিত, সেগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা থাকছে না। তবে অ-নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের মতোই অনুমোদন প্রয়োজন হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ১ থেকে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি ১ সার্কুলার নম্বর ৩২-এর ২৭ নম্বর অনুচ্ছেদের পার্ট-বিতে বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়ার কথা বলা হয়েছিল। নতুন সার্কুলারে বিষয়টি স্পষ্ট করে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই শর্ত প্রযোজ্য হবে না।
সংশোধিত বিধান অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত নয়—এমন বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
সার্কুলারে আরো বলা হয়, এ সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাবেক অর্থনৈতিক অঞ্চল বা ইজেড কোম্পানিগুলোর ঋণ প্রস্তাব পর্যালোচনার জন্য ইনভেস্ট বাংলাদেশ অথরিটির বৈদেশিক ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট-সংক্রান্ত স্ক্রুটিনি কমিটিতে জমা দিতে হবে। তবে এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩২/২০২৬-এর অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।