এশিয়ায় চালের বাজারে চাহিদা এখন কমতির দিকে। যদিও এর বিপরীতে নতুন মৌসুমের সরবরাহ বাড়ছে। এতে বিদায়ী সপ্তাহেও এখানকার বাজারে চালের দামে দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। এর মধ্যে থাইল্যান্ডে পণ্যটির দাম নেমে এসেছে ১৮ বছরে সর্বনিম্ন অবস্থানে। খবর বিজনেস রেকর্ডার।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে চালের দাম কম থাকায় দেশটির কৃষকরা ধান আবাদ কমাতে পারেন, এমন আশঙ্কা দেখা দিয়েছে।
থাইল্যান্ডে বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম দাঁড়ায় টনপ্রতি ৩৩৫ ডলার। এটি আগের সপ্তাহের ৩৩৮ ডলারের তুলনায় কিছুটা কম এবং এটি ২০০৭ সালের পর সর্বনিম্ন।
ব্যাংককের এক পাইকারি ব্যবসায়ী জানান, থাইল্যান্ডের তুলনায় অনেক কম দামে ভারত চাল সরবরাহ করছে। এ কারণে বিদেশী ক্রেতারা এখন খুব সামান্য পরিমাণে থাই চালের ক্রয়াদেশ দিচ্ছেন। এছাড়া খাদ্যশস্যটির দাম টানা কমতে থাকায় স্থানীয় কৃষকরা আগামী মৌসুমে আবাদ কমানোর প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরো জানান, বর্ষা মৌসুমের শেষ দিকে বাজারে নতুন চালের সরবরাহ এসেছে। এটিও দাম কমে যাওয়ার অন্যতম কারণ।
ভারতের বাজারেও নতুন ফসলের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৩৪৪-৩৫০ ডলার। এ সময় একই মানের আতপ চালের দাম টনপ্রতি ৩৫০-৩৬০ ডলারে স্থিতিশীল ছিল। দিল্লিভিত্তিক এক ব্যবসায়ী জানান, নতুন মৌসুমের সরবরাহ বাড়ায় স্থানীয়ভাবে চালের মূল্য আরো কমার প্রবণতা দেখা দিয়েছে।
ভিয়েতনামে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৪১৫-৪৩০ ডলারে স্থিতিশীল ছিল। হো চি মিন সিটির এক রফতানিকারক জানান, দাম কমানোর পরও নিম্নমুখী চাহিদার কারণে বিক্রি কমেছে। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছর দেশটি থেকে চাল রফতানি ৮৮ লাখ টনে পৌঁছতে পারে।