সুদহার কমার প্রভাব

মুনাফার লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে ইউরোপীয় ব্যাংকগুলোর জন্য

ঋণপ্রদান ও বিনিয়োগ ব্যাংকিং থেকে উচ্চ আয়ের কারণে ইউরোপীয় ব্যাংকগুলো গত বছরের শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য মুনাফা করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

ঋণপ্রদান ও বিনিয়োগ ব্যাংকিং থেকে উচ্চ আয়ের কারণে ইউরোপীয় ব্যাংকগুলো গত বছরের শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য মুনাফা করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সুদহার কমায় চলতি বছর ওই পূর্বাভাসের তুলনায় বেশি মুনাফা অর্জন কঠিন হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এ অবস্থায় ভবিষ্যতে মুনাফা ধরে রাখতে ব্যাংকগুলোকে সক্ষমতার প্রমাণ দিতে হবে। খবর রয়টার্স।

ইউরোপীয় ব্যাংকগুলোর শেয়ারের দাম গত বছর ২০১০ সালের পর সর্বোচ্চ ছিল। ধারাবাহিকভাবে মুনাফা অর্জন করায় ব্যাংকপ্রধানদের আত্মবিশ্বাসও বেড়েছে। তারা এ অতিরিক্ত নগদ অর্থ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অধিগ্রহণের প্রচেষ্টায় ব্যয় করছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি একীভূতকরণের একটি নতুন প্রবণতা শুরু করতে পারে।

এসঅ্যান্ডপি জানায়, ব্যাংকগুলো তাদের আর্থিক অবস্থা নিয়ে আত্মবিশ্বাসী। বাজারের ইতিবাচক পরিবর্তনের ফলে তাদের উচ্চাকাঙ্ক্ষাও বাড়ছে। পরিষেবা বৈচিত্র্যকরণ, আকার বৃদ্ধি, নতুন অংশীদারত্ব ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এ প্রবণতা প্রকাশ পাচ্ছে।

ইতালির শীর্ষ ব্যাংক ইউনিক্রেডিট সম্প্রতি জার্মানির কমার্জব্যাংকের একটি অংশ কিনেছে। নিজ দেশের বাইরে স্পেনেও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণের চেষ্টা করছে তারা। বিনিয়োগ ব্যাংক মিডিওবাঙ্কারকেও একই ধরনের প্রস্তাব দিয়েছে ইতালীয় আরেক ব্যাংক মন্টি ডেই পাসচি।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করায় এর ইতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের ব্যাংক খাতেও। ফলে ভবিষ্যতে এ ধরনের আরো চুক্তি হতে পারে জানিয়েছেন অধিগ্রহণ ও একীভূতকরণ বিশেষজ্ঞরা।

তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর জন্য নিয়মনীতি সহজ করবে। আশঙ্কা করা হচ্ছে, এতে নিজ দেশে অর্থনৈতিক চাপের মুখোমুখি হওয়া ইউরোপীয় ব্যাংকগুলো আরো ক্ষতিগ্রস্ত হতে পারে।

অলিভার উইম্যানের ইউরোপীয় ব্যবস্থাপনা অংশীদার ক্রিস্টিয়ান এডেলম্যান জানান, তিনি ইউরোপীয় ব্যাংক থেকে শক্তিশালী পারফরম্যান্স আশা করছেন। ২০২৫ সালে কোম্পানিগুলোর নিজেদের শেয়ার পুনঃক্রয় ও লভ্যাংশের পরিমাণ বেশি থাকবে।

তিনি বলেন, ‘ইউরোপীয় ব্যাংকগুলো বিনিয়োগ ব্যাংকিংয়ে কম অংশগ্রহণ করে। ফলে একীভূতকরণ, নিয়ম শিথিলকরণ ও বাজার অস্থিরতার কারণে এসব ব্যাংক বেশি লাভবান হবে।’

জার্মানির ডয়েচে ব্যাংক ও স্পেনের বিবিভিএ গত বৃহস্পতিবার তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এরপর ফ্রান্সের বিএনপি পারিবাস ও সোসিয়েতে জেনারেল ও সুইজারল্যান্ডের ইউবিএসের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রতিবেদন প্রকাশ করবে যুক্তরাজ্যের বার্কলেস, এইচএসবিসহ অন্যান্য ব্যাংক।

ব্যাংকগুলো গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের পূর্বাভাস সংশোধন করেছে। বিশ্লেষকরা বলেন, তাদের ঋণ প্রদান থেকে অর্জিত আয় পূর্বাভাসের তুলনায় কমে যাচ্ছে।

মার্কিন ব্যাংকগুলো চলতি মাসে বিনিয়োগ ব্যাংকিং থেকে উল্লেখযোগ্য আয় করেছে। ফলে বড় বাণিজ্য বিভাগ আছে, ইউরোপীয় এমন ব্যাংকগুলোও ভালো করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তবে তাদের ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) দ্রুত সুদহার কমানোর সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের তুলনায় ইসিবি ও বিইও দ্রুত সুদহার কমাতে পারে বলে জানা গেছে।

গত সপ্তাহে স্পেনের ব্যাংকইন্টারের আয়ে দেখা গেছে, সুদহার কমার কারণে ঋণপ্রদান থেকে আয় কমেছে। তবে আনুষঙ্গিক ফি বাড়ানোর মাধ্যমে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

সব মিলিয়ে এ বছর মুনাফা লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। জেপি মরগ্যান জানিয়েছে, ফরাসি ব্যাংকগুলো ২০২৪ সালের নিট মুনাফার লক্ষ্য সহজে অর্জন করলেও ২০২৫ সালে তা চ্যালেঞ্জিং হবে।

সামগ্রিক আয় কমায় বিএনপি পারিবাসের ১ হাজার ২৮০ কোটি ইউরো নিট মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনও বিশেষভাবে চ্যালেঞ্জিং।

ডয়েচে ব্যাংক গত বছরের শেষ প্রান্তিকে ৩৮ কোটি ইউরো নিট মুনাফা করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা আগের বছরের ১২৬ কোটি ইউরোর তুলনায় কম। আইনি ব্যয়, পুনর্গঠন খরচ ও অন্যান্য এককালীন খরচের কারণে ব্যাংকটির মুনাফা কমতে পারে।

বিবিভিএর তুরস্ক ও দক্ষিণ আমেরিকা শাখায় ঋণপ্রদান থেকে আয় বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তবে স্পেন ও মেক্সিকোয় আয় কমতে পারে। সম্প্রতি বিনিয়োগকারীরা বিবিভিএর সাবাডেল অধিগ্রহণ প্রস্তাব নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

আরও