ভারতের চাল রফতানি বেড়েছে ১৯.৪ শতাংশ

ভারতের চাল রফতানি ২০২৫ সালে ১৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

ভারতের চাল রফতানি ২০২৫ সালে ১৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় দেশটির মোট রফতানি পৌঁছেছে ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টনে। ২০২৪ সালে ভারতের মোট চাল রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার টন।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারত সরকারের সব রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার কারণে খাদ্যশস্যটি রফতানিতে এ প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এতে ভারতের চাল আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

ভারতের সরকারি ও শিল্প সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বে চালের বৃহত্তম রফতানিকারক দেশ হিসেবে ভারতের চাল সরবরাহ বাড়ায় থাইল্যান্ড ও ভিয়েতনামের রফতানি কমেছে।

তথ্যানুযায়ী, ভারত থেকে গত বছর বাসমতী ছাড়া অন্যান্য চাল রফতানি বেড়েছে ২৫ শতাংশ। এ সময় মোট রফতানি বেড়ে ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টনে দাঁড়িয়েছে।

এছাড়া এ সময় বাসমতি চালের রফতানি ৮ শতাংশ বেড়ে রেকর্ড ৬৪ লাখ টনে দাঁড়িয়েছে।

ভারতের অন্য এক সরকারি কর্মকর্তা জানান, বাসমতি ছাড়া অন্যান্য চালের রফতানি বাংলাদেশ, বেনিন, ক্যামেরুন, আইভরি কোস্ট ও জিবুতিতে বেড়েছে। প্রিমিয়াম বাসমতি চালের ক্রেতা হিসেবে ইরান, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে রফতানি বাড়িয়েছে দেশটি।

ওলাম এগ্রি ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিতিন গুপ্তা বলেন, ‘ভারতের চাল অন্যান্য রফতানিকারক দেশের সরবরাহের তুলনায় খুবই প্রতিযোগিতামূলক। কম দামের কারণে দেশটির বাজার হিস্যা আবারো পুনরুদ্ধার হচ্ছে।’

আরও