দেশের বেসরকারি খাতে ঋণ প্রবাহে ভাটা চলছে গত কয়েক বছরে। তবে এবারের মতো এতটা খরা দেখা যায়নি। চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে অর্থনীতির প্রধান এ খাতের ঋণ প্রবৃদ্ধি মাত্র ৬ শতাংশের ঘরে নেমে এসেছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি শেষে (ফেব্রুয়ারি’২৪-ফেব্রুয়ারি’২৫) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশ। যেখানে অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ৯ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর তার আগের মাসেও (জানুয়ারি) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ফেব্রুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার যেখানে নেমেছে সেটি গত ২১ বছরের সর্বনিম্ন। সর্বশেষ ২০০৪ সালের ফেব্রুয়ারিতে এ খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ দশমিক ৮২ শতাংশের নিচে নেমেছিল।
ব্যাংক নির্বাহীরা বলছেন, দেশের বেসরকারি খাতে নতুন বিনিয়োগ নেই বললেই চলে। সুদহার বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা ও বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। আবার ব্যাংক খাত থেকে ভুয়া কোম্পানি তৈরি করে অর্থ লোপাটের প্রক্রিয়াও বন্ধ হয়েছে। এসব কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এত কম দেখাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি শেষে দেশের বেসরকারি খাতে ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৮৩ কোটি টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ স্থিতি ১৫ লাখ ৭৬ হাজার ৯১৪ কোটি টাকা ছিল। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশ।