নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের পাইকারি বাজারে চিনির দাম কমেছে। দেড় মাসের ব্যবধানে বস্তাপ্রতি ৭৫ টাকা ও প্রতি কেজিতে দেড় টাকা করে দাম কমেছে। তবে দাম কমলেও কয়েক দিন ধরে বেচাকেনায় খুব মন্দা যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, নিতাইগঞ্জের পাইকারি বাজারে চিনি বেচাকেনা হচ্ছে (৫০ কেজির বস্তা ) ৬ হাজার ১৫০ টাকায়। এ হিসেবে প্রতি কেজি চিনি বেচাকেনা হচ্ছে ১২৩ টাকায়। অন্যদিকে মিল গেট থেকে এক বস্তা চিনি বেচাকেনা হচ্ছে ৬ হাজার ১২৫ টাকায়, প্রতি কেজিতে যার মূল্য দাঁড়ায় ১২২ টাকা ৫০ পয়সা।
এ বিষয়ে নিতাইগঞ্জের ব্যবসায়ী দিলীপ সাহা বলেন, ‘ রোজার ঈদের পর থেকেই বাজারে চিনির দাম কমেছে। প্রায় দেড় মাস ধরে বাজারে চিনি বেচাকেনা হচ্ছে ১২৩ টাকা কেজি দরে। আমরা মিল গেট থেকে চিনি পাচ্ছি ১২২ টাকা ৫০ পয়সায়। সঙ্গে পরিবহন খরচ সমন্বয় করে ১২৩ টাকা দরে বেচাকেনা করছি।’ আরেক চিনি ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, বাজারে চিনির দাম কমতির দিকে। কিন্তু এর কেনাবেচা একেবারেই কম হচ্ছে।
তবে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে বেশি লাভে চিনি বেচাকেনা হচ্ছে। খুচরা বাজারগুলোয় এ পণ্যের দাম কেজিপ্রতি ১৩৬-১৩৮ টাকা বলে জানা গেছে।