পানামা খালে জট, দ্রুত পারাপারে এক জাহাজের ব্যয় রেকর্ড ৪০ লাখ ডলার

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে চাপ বাড়ছে। এর প্রভাব পড়েছে পানামা খালেও।

দীর্ঘ অপেক্ষার সারি এড়াতে একটি কনটেইনার জাহাজকে দিতে হয়েছে প্রায় ৪০ লাখ ডলার। পানামা খালের নিয়মিত সারি পেরিয়ে আগে যাওয়ার জন্য এ রেকর্ড অর্থ পরিশোধ করেছে জাহাজটির মালিকপক্ষ। খবর বিজনেস টাইমস।

জাহাজটির নাম ‘সিস্প্যান বেনেফ্যাক্টর’। নাম না প্রকাশের শর্তে এসব তথ্য জানান কোম্পানি-সংশ্লিষ্ট কয়েকজন সূত্র। উল্লেখ্য, পানামা খালের নিলামসংক্রান্ত তথ্য ব্যক্তিগত রাখা হয়। ১১ আগস্ট পর্যন্ত জাহাজটির মালিক সিস্প্যানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাধারণত পানামা খাল দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত হারে ফি পরিশোধ করতে হয়। আগে থেকে বুকিংয়ের মাধ্যমে জাহাজ চলাচলের সময়ও এটি নির্ধারণ করা যায়। তবে নিয়মিত সারি এড়িয়ে দ্রুত খাল পার হওয়ার জন্য পানামা ক্যানাল অথরিটি নিলামের ব্যবস্থাও রেখেছে। এ ব্যবস্থার মাধ্যমে বেশি অর্থ দিয়ে অপেক্ষার সারিতে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

বর্তমানে সে সুযোগ নিতে জাহাজ মালিকদের বড় অংকের অর্থ খরচ করতে হচ্ছে। ইরান যুদ্ধের কারণে বিভিন্ন নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পানামা খালে চাপ বেড়েছে। বিশেষ করে তেল, প্রাকৃতিক গ্যাস, সার ও রাসায়নিক পণ্য পরিবহনকারী জাহাজগুলো বিকল্প পথ খুঁজছে। এসব পণ্যের বড় অংশ এশিয়ার বাজারের সঙ্গে যুক্ত।

খাতসংশ্লিষ্টরা বলছেন, পারস্য উপসাগরের দুটি গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি ও বাব এল-মান্দেব প্রণালি। ফলে অনেক জাহাজকে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে।

বিশেষ করে নিওপানাম্যাক্স শ্রেণীর বড় জাহাজগুলোর অপেক্ষার সময় বেড়েছে। এসব জাহাজের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি বহনকারী জাহাজ রয়েছে। আগে থেকে খাল পার হওয়ার সময় বুক করা না থাকলে এসব জাহাজকে প্রায় ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

সিস্প্যান বেনেফ্যাক্টর সোমবার সারির সামনে যাওয়ার জন্য ৪০ লাখ ডলার দিয়েছে। আগের সাতদিনের গড় নিলাম মূল্যের তুলনায় এ অর্থ দ্বিগুণেরও বেশি। জাহাজটি এর আগে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিল। গত মঙ্গলবার পাওয়া জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সেটি পানামা খালের প্রশান্ত মহাসাগরসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। উত্তরমুখী হয়ে খাল পার হওয়ার অপেক্ষায় ছিল জাহাজটি।

পানামা ক্যানাল অথরিটিও জানায়, বৈশ্বিক বাণিজ্যে সরবরাহ ও চাহিদার পরিবর্তনের কারণে নিলামের মাধ্যমে খাল পার হওয়ার ব্যয় বেড়েছে। সাম্প্রতিক সময়ে কিছু নিলামে ১০ লাখ ডলারের বেশি অর্থও উঠেছে।

আরও