আড়াই বছর পর পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন দিল বিএসইসি

রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডকে কিউআইওর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছিল। এতে প্রায় আড়াই বছর পর কিউআইওর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমতি দিল বিএসইসি।

গতকাল বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সংস্থাটির ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কিউআইও অনুমোদন।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ ক্রয় এবং কিউআইও ব্যয় মেটাতে ব্যবহার করবে কোম্পানিটি। শতভাগ রফতানিমুখী এ জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বিখ্যাত জুতা কোম্পানি রসসহ বিভিন্ন দেশে জুতা সরবরাহ করে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৫৪ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ১৫ টাকা ৭৪ পয়সা। অর্ধবার্ষিক সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। এছাড়া প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ইসি সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে আন্ডাররাইটারের দায়িত্বে রয়েছে।

সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন প্রস্তাব (খসড়া) অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে জনমত জানতে শিগগিরই তা পত্রিকা ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এছাড়া একই সভায় দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে আরো গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জগুলোকে অনুমোদন দেয়া হয়।

অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’ অবসায়নের প্রস্তাবে সম্মতি দিয়েছে বিএসইসি। সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক পরিচালিত মিউচুয়াল ফান্ড ১০ বছর মেয়াদ পূর্তিতে ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে এর অবসায়নের প্রস্তাব অনুমোদন করে বিএসইসি। ফান্ডটির মোট ইউনিট ক্যাপিটাল ১০৪ কোটি ৩২ লাখ টাকা এবং প্রতিটি ইউনিটের ফেস ভ্যালু ১০ টাকা।

আরও