বিশ্বব্যাপী ৪ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করবে যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড (বিপি)। খরচ কমানোর এ উদ্যোগে আরো বাদ পড়ছে তিন হাজার ঠিকাদার। খবর এপি।
বিপির প্রধান নির্বাহী মারে অচিনক্লস গত বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে কর্মীদের ছাঁটায়ের বিষয়টি অবহিত করেন।
অচিনক্লস আরো জানান, বিশ্বব্যাপী বিপির ৯০ হাজার জনশক্তি রয়েছে। এর মধ্যে ৫ শতাংশ ছাঁটাইয়ের আওতায় পড়বেন। অন্যদিকে বাদ পড়া ঠিকাদারদের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ জন এরই মধ্যে ব্যবসা ছেড়ে দিয়েছেন।
গত বছরের অক্টোবরে সংস্থাটি জানিয়েছিল, ২০২৫ সালে প্রায় ৫০ কোটি ডলার খরচ বাঁচানোর উপায় খুঁজে বের করেছে তারা, যা ২০২৬ সালের মধ্যে নির্ধারিত ২০০ কোটি ডলার সাশ্রয়ের লক্ষ্যমাত্রার এক-চতুর্থাংশ।
প্রধান নির্বাহী মারে অচিনক্লস আরো জানান, বিপি বর্তমানে লাভজনক ব্যবসায় জোর দিচ্ছে। এ কারণে গত বছরের জুন থেকে ৩০টি প্রজেক্ট বন্ধ বা স্থগিত রয়েছে।
কোম্পানিটি ব্যবসায় আরো বেশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রকৌশল ও বিপণনের মতো ক্ষেত্রে আরো বেশি ভূমিকা রাখছে।
বিভিন্ন সংবাদমাধ্যম অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন ৪০ শতাংশ কমানোর পরিকল্পনা বাতিল করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছে বিপি।
তবে অচিনক্লস বলেন, ‘কোম্পানি এখনো জ্বালানি রূপান্তরের মাধ্যমে মূল্যবৃদ্ধিতে বিশেষভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এজন্য"আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আরো উন্নত করার পাশাপাশি গ্রাহক ও সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’
কর্মী ছাঁটাইয়ের সংবাদটি এমন সময় এল, যখন বিপির প্রধান নির্বাহী মারে অচিনক্লসের চিকিৎসার জন্য নিউইয়র্কে অনুষ্ঠেয় একটি বিনিয়োগ সম্মেলন পেছানো হয়েছে। ক্যাপিটাল মার্কেটস ইভেন্টটি আগামী ১১ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২৬ ফেব্রুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হবে।