সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ বন্দর দিয়ে ৭২২ টন জিরা আমদানি হয়েছে। যার মূল্য ছিল ৩১ কোটি ৪৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ২৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৬৬৬ টন জিরা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে ৫৬ টন।
আমদানি বাড়ার কারণে সাতক্ষীরার স্থানীয় খুচরা বাজারগুলোয় কমে এসেছে জিরার দাম। দুই-তিন সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিপ্রতি ৫০-৬০ টাকা।
গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে ভারত থেকে আমদানীকৃত প্রতি কেজি জিরা খুচরায় বিক্রি হয়েছে ৫৭০ টাকায়, দুই-তিন সপ্তাহ আগেও যা ছিল ৬২০-৬৩০ টাকা।
এ সময় সিরিয়া ও তুরস্ক থেকে আমদানীকৃত জিরা বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি দরে।
প্রতিষ্ঠানটির পরিচালক দুলাল চন্দ্র সাহা বলেন, ‘বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় ভারতীয় জিরার দাম কিছুটা কমেছে।’
সাতক্ষীরা জেলার দায়িত্বরত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, মসলা বাজারগুলোয় জিরার সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।