এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠানটি। এর আওতায় বেপজা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) এ কারখানা নির্মাণ ও পরিচালনায় ৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগ করা হবে।
বেপজা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ কারখানায় মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো গ্রিনহাউজ হাইড্রোপনিকস টেন্ট তৈরি করা হবে। এছাড়া ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন ও পিই প্যাকেজিং ফিল্মও উৎপাদন করা হবে। এসব পণ্য যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশে রফতানি করা হবে। এ কারখানায় প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
হাইড্রোপনিকস টেন্ট একটি নন-ট্র্যাডিশনাল ও উচ্চমূল্য সংযোজনকারী রফতানি পণ্য, যা পণ্য বহুমুখীকরণ ও বিশেষায়িত বৈশ্বিক বাজারে প্রবেশে বেপজার কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ উপলক্ষে গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং গ্রিন পিউর হাউজওয়্যার (বিডি) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং শেনিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রিন পিউর হাউজওয়্যার (বিডি) কোম্পানির প্রতিনিধিরা।