খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী শান্তিচুক্তি বা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে। যদি এর মেয়াদ নতুন করে বাড়ানো না হয়, তাহলে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হতে পারে। এ অনিশ্চয়তা তামার বাজারে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে সতর্ক অবস্থানে আছেন বিনিয়োগকারীরা। খবর বিজনেস রেকর্ডার।
এসএইচএফইতে গতকাল তামার দাম দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১ লাখ ২ হাজার ৭৮০ ইউয়ানে (১৫ হাজার ৭০ ডলার ৬০ সেন্টে)।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহের চুক্তিতে গতকাল বেচাকেনার শুরুতে তামার দাম দশমিক ১৭ শতাংশ বেড়ে যায়। যদিও পরবর্তী সময়ে তা দশমিক শূন্য ৭ শতাংশ কমে টনপ্রতি ১৩ হাজার ৩৩৮ ডলারে নেমে আসে।
সংশ্লিষ্টরা জানান, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও চীনের অভ্যন্তরীণ চাহিদার কারণে তামার বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। এসএইচএফইর গুদামগুলোয়ও ধাতব পণ্যটির মজুদ ধারাবাহিকভাবে কমছে। গত শুক্রবার পর্যন্ত এসএইচএফইতে তামার মজুদ ৯ দশমিক ৮ শতাংশ কমে ২ লাখ ৪০ হাজার ৪৫৬ টনে নেমে এসেছে। গত ১৩ মার্চের পর থেকে এ মজুদ কমেছে প্রায় ৪৫ শতাংশ।