বিকাশে বাকিতে ১ হাজার টাকা পর্যন্ত রিচার্জ সুবিধা চালু

গ্রাহকের বিকাশ হিসাবে ব্যালান্স বা পর্যাপ্ত টাকা না থাকলেও বাকিতে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

বিকাশ অ্যাপের ‘পে-লেটার’ সেবার মাধ্যমে নিজের অথবা প্রিয়জনের মোবাইলে এ রিচার্জ করা যাবে। গ্রাহক চাইলে পরবর্তী সাতদিনের মধ্যে এ টাকা ইন্টারেস্ট বা সুদ ছাড়া পরিশোধ করতে পারবেন। সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে এ সেবা নিতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।

বিকাশ জানায়, বিকাশের পে-লেটার সেবা পাওয়ার জন্য বিবেচিত গ্রাহকরা এ সেবা নিতে পারবেন। এর আওতায় দেশের যেকোনো অপারেটরে বিকাশের গ্রাহকরা ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রসেসিং ফি যুক্ত হবে। এর মাধ্যমে ইন্টারনেট, মিনিট, বান্ডিল কিংবা টকটাইমসহ যেকোনো রিচার্জ গ্রাহক তার পছন্দমতো নিতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের গ্রাহকরা তাদের মোবাইল রিচার্জে এ সুবিধা নিতে পারবেন। এছাড়া পে-লেটার সেবায় নির্ধারিত অংকের টাকা একবারে বা বহুবারে নেয়ার সুযোগ আছে। গ্রাহকের বিকাশ হিসাবে যত টাকা থাকুক তার প্রয়োজনে এ পে-লেটার সেবা ব্যবহার করতে পারবেন।

এ সেবা নেয়ার জন্য প্রথমে বিকাশ অ্যাপের ‘মোবাইল রিচার্জ’ অপশনে যেতে হবে। এরপর কাঙ্ক্ষিত নম্বর ও টাকার পরিমাণ (১০০-১ হাজার টাকা) দিতে হবে। পেমেন্ট স্ক্রিনে ‘পে-লেটার’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘সাত দিনে পরিশোধ’ নির্বাচন করে পরের ধাপে বিস্তারিত দেখে নিশ্চিত করলেই মোবাইল রিচার্জ হয়ে যাবে। যারা বিকাশ অ্যাপে পে-লেটার সেবার জন্য বিবেচিত হয়েছেন, তারাই এ সেবা ব্যবহার করতে পারবেন।

পে-লেটার করার সাতদিন পর বিকাশ হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল রিচার্জের টাকা পরিশোধ হয়ে যাবে। তাই নির্ধারিত তারিখের মধ্যে গ্রাহকের বিকাশ হিসাবে প্রয়োজনীয় ব্যালান্স বা টাকা রাখতে হবে। গ্রাহক চাইলে এর আগেও তা পরিশোধ করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে শর্তানুযায়ী বিলম্ব ইন্টারেস্ট বা সুদ প্রযোজ্য হবে।

আরও