মার্কেন্টাইল ব্যাংক বন্ডের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের পারপেচুয়াল বন্ড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের পারপেচুয়াল বন্ড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ থেকে এ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এর আগে বন্ডটি ১৯ নভেম্বর ২০২৩ থেকে ১৮ মে ২০২৪ পর্যন্ত এবং ১৯ মে ২০২৪ থেকে ১৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত সময়ে বন্ডহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা দিয়েছে। ফলে বন্ডটির ক্যাটাগরি উন্নীত করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৫তম কমিশন সভায় মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড অনুমোদন দেয়া হয়েছিল। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পারপেচুয়াল বন্ডটির ৫০০ কোটির মধ্য ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। এ বন্ডের কুপন হার ৬ (ফ্লোর) থেকে ১০ শতাংশ (সিলিং); যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড অতিরিক্ত টায়ার-১ মূলধনভিত্তি শক্তিশালী করবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটির ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইস্যু ম্যানেজার হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করছে।

২০২৩ সালে বন্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর ইউনিট সংখ্যা এক লাখ। গত এক বছরে বন্ডটির ইউনিট দর ছিল ৪ হাজার ৮৫০ টাকা।

আরও