বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় (ফুড অ্যান্ড বেভারেজ) বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গালফ ফুড ২০২৬’-এ ২ কোটি ৭০ লাখ ডলারের রফতানি ও ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডিডব্লিউটিসি) ও দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি), এক্সপো সিটিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো দুবাইয়ের বাইরে দুবাই এক্সিবিশন সেন্টারে কান্ট্রি প্যাভিলিয়ন ভিত্তিক এ মেলা অনুষ্ঠিত হয়।
পাঁচদিনব্যাপী মেলায় বিশ্বের ১৯০টিরও বেশি দেশের ৮ হাজার ৫০০টিরও বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদনকারী, সরবরাহকারী, পরিবেশক, পাইকারি এবং খুচরা বিক্রেতাসহ নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ৩৪টি প্রতিষ্ঠান। এতে অর্থায়ন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
গত ২৬ জানুয়ারি শুরু হওয়া এ মেলা শেষ হয় গতকাল। মেলা শেষ হওয়ার পর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইপিবি জানায়, ৩১তম এ মেলায় বাংলাদেশ সম্ভাব্য ১ কোটি ৭০ লাখ ডলারের ক্রয়াদেশ পেয়েছে। এছাড়া রফতানি নিশ্চিত হয়েছে আরো ১ কোটি ডলারের। সব মিলিয়ে ২ কোটি ৭০ লাখ ডলারের খাদ্য ও পানীয় রফতানি ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ।