দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। সাউথইস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারমূলক সুদহারে চলতি মূলধন অর্থায়ন সুবিধা দেয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই অ্যান্ড এগ্রি-ক্রেডিট বিভাগের প্রধান মোহাম্মদ আসিকুজ্জামান খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি মূলধন পুনঃঅর্থায়ন স্কিমের লক্ষ্য সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।