গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কারণে প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধ

গত ২২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানা পরিদর্শনে গিয়ে এর কার্যক্রম বন্ধ দেখতে পান।

গত ২২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানা পরিদর্শনে গিয়ে এর কার্যক্রম বন্ধ দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে কারখানা বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে কারখানা বন্ধের বিষয়ে প্যাসিফিক ডেনিমস জানিয়েছে, তারা দ্রুততম সময়ের মধ্যে কারখানায় গ্যাস সংযোগ পুনরায় চালুর জন্য চেষ্টা করছে। এরই মধ্যে গ্যাস পুনঃসংযোগের জন্য তিতাস গ্যাসের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কোম্পানিটি।

সিকিউরিটিজ আইন অনুসারে কারখানা কার্যক্রম বন্ধ থাকলে সে তথ্য বিনিয়োগকারীদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে। যদিও স্টক এক্সচেঞ্জকে এ-সংক্রান্ত কোনো তথ্য এর আগে জানায়নি প্যাসিফিক ডেনিমস।

প্যাসিফিক ডেনিমস সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রান্তিক ও বার্ষিক প্রতিবেদন এবং ২০২৩-২৪ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সায়।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৮৩ কোটি ৫৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৫ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১৪৩। এর ৩০ দশমিক ১২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক শূন্য ২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৯ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।

২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের ইপিএস হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৮ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের ইপিএস হয়েছে ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সায়।

২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট মোট ২ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৪ পয়সায়।

আরও