লভ্যাংশ হস্তান্তর উপলক্ষে সম্প্রতি ঢাকায় ‘দেশের মানুষের কল্যাণে ব্র্যাক পরিবার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খানের কাছ থেকে প্রতীকী লভ্যাংশ গ্রহণ করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।
উল্লেখ্য, ২০২৫ সালের জন্য ব্র্যাক ব্যাংক ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ফলে লভ্যাংশ বাবদ মোট ১১০ কোটি টাকা পেয়েছে ব্র্যাক।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘সাফল্যের প্রকৃত মাপকাঠি কেবল এটি নয় যে আমরা কীভাবে ভ্যালু সৃষ্টি করছি; বরং এটিই বড় বিষয় যে সেই সৃষ্ট ভ্যালু আমরা কীভাবে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের বৃহত্তম শেয়ারহোল্ডার হিসেবে ব্র্যাক ব্যাংক থেকে প্রাপ্ত লভ্যাংশ ব্র্যাক পুনরায় এমন সব কর্মসূচিতে বিনিয়োগ করে, যা সমগ্র বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে। এটি মহৎ উদ্দেশ্যে অর্থায়নের একটি শক্তিশালী দৃষ্টান্ত, যেখানে ব্যবসায়িক সাফল্য শেষ পর্যন্ত সামাজিক উন্নয়নে রূপান্তর লাভ করে।’
অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘লভ্যাংশ হস্তান্তর কেবল একটি আর্থিক প্রক্রিয়া নয়; বরং এটি এমন এক অনন্য অংশীদারত্বের প্রতিফলন, যেখানে টেকসই ব্যবসায়িক সাফল্য সরাসরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীলতার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। আমরা যে ভ্যালু সৃষ্টি করি, তা শেষ পর্যন্ত সমাজের কল্যাণে ব্যবহৃত হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘এ অংশীদারত্ব প্রমাণ করে যে একটি টেকসই ব্যবসা কীভাবে দীর্ঘমেয়াদে সামাজিক উন্নয়নে সাহায্য করতে পারে। ব্র্যাক ব্যাংকের এ সাফল্য পুরো বাংলাদেশে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করতে ব্র্যাকের কাজকে আরো শক্তিশালী করে তুলবে। ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের একটি বড় অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক আমাদের জন্য প্রয়োজনীয় অর্থ ও সম্পদ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর সেই অর্থ দিয়েই আমরা সমাজের বিভিন্ন জটিল সমস্যা সমাধানের নানা কর্মসূচি ও নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করতে পারছি।’
অনুষ্ঠানে ব্র্যাক, বিকাশ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক পরিবারের অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।