সৌদি আরবের জেদ্দায় ২৮ হাজার ৮০০ বর্গমিটারের ভূমি অধিগ্রহণের ঘোষণা দিয়েছে লন্ডনের পুঁজিবাজারে তালিকাভুক্ত সৌদি রিয়েল এস্টেট ডেভেলপার দার গ্লোবাল। মিশ্র চরিত্রের প্রকল্পটিতে থাকবে প্রিমিয়াম আবাসন, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, খুচরা দোকান ও অফিস স্পেস। খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি জেদ্দার সাম্প্রতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ একটি সংযোজন হতে যাচ্ছে, যা সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জ্বালানি তেলবহির্ভূত অর্থনৈতিক সম্প্রসারণে নতুন এ এজেন্ডা নিয়ে কাজ করছে সৌদি সরকার। এ লক্ষ্য পূরণে দেশী-বিদেশী বিনিয়োগের জন্য নীতি সহজ করেছে জেদ্দা। যার আওতায় রিয়েল এস্টেট ও অবসর-বিনোদন খাতে বড় ধরনের বিনিয়োগ দেখছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোয় সৌদি অর্থনীতিতে জ্বালানি তেলবহির্ভূত খাতের অবদানও বেড়েছে উল্লেখযোগ্য আকারে। নতুন প্রকল্পে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নকশা ও স্থাপত্য কৌশল বেছে নিয়েছে দার গ্লোবাল, যা সৌদি আরবের পরিবর্তিত নগর দৃশ্যপটে অবদান রাখবে বলে তাদের প্রত্যাশা। প্রকল্পটির অনুমানিক গ্রস ডেভেলপমেন্ট ভ্যালু (জিডিভি) ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার। জেদ্দার প্রধান অর্থনৈতিক ও বিনোদন কেন্দ্রগুলোর কাছেই অবস্থিত হওয়ায় মিশ্র ধাঁচের এ উদ্যোগ আবাসনের মাধ্যমে ব্যবসা খাতের মূলধারায় সহজে অবদান রাখতে পারবে। জেদ্দায় নতুন উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে দার গ্লোবালের সিইও জিয়াদ এল শার বলেন, ‘আমাদের শিকড় সৌদি আরব। অঞ্চলটি এখন আন্তর্জাতিক বিলাসবহুল উন্নয়নের কেন্দ্রে অবস্থান করছে। এ জমি অধিগ্রহণ শুধু নতুন প্রকল্পের প্রথম ধাপ নয়, বরং দেশের উচ্চাভিলাষী ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’ তার মতে, আন্তর্জাতিক মানের বিলাসী এ প্রকল্প শুধু শহরটি নয়, পুরো অঞ্চলের উন্নয়নের ভবিষ্যৎ প্রবৃদ্ধির দ্বারও খুলে দেবে। জেদ্দাকে প্রতিষ্ঠা করবে আন্তর্জাতিক পর্যায়ে বসবাস ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে। —খবর অ্যারাবিয়ান বিজনেস