সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে আজ থেকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে ঈদুল আজহার আগমুহূর্তে বাড়ানো হয়েছে সব পণ্যের দাম। এতে প্রতি লিটার সয়াবিন তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও প্রতি কেজি চিনিতে ১৫ টাকা দাম বাড়ানো হয়েছে। টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
টিসিবির নির্ধারিত পণ্যের দাম পর্যালোচনা করে দেখা যায়, আগে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি হতো, এখন তা ১৩৫ টাকায় কিনতে হবে। এছাড়া প্রতি কেজি ডালে দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং প্রতি কেজি চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাকসেলে। তবে সব ক্ষেত্রেই গুনতে হবে বাড়তি টাকা।
টিসিবি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে সারা দেশ প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ২২ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে। এ ক্ষেত্রে ভোক্তাপ্রতি সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল বিক্রি হবে।