আইইউবিএটিতে চীনা ভাষা কোর্সের উদ্বোধন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) চালু হলো চীনা ভাষা কোর্স। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক গালার মাধ্যমে নতুন কোর্সটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে শিক্ষা ও সংস্কৃতির এ উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির শিক্ষক-শিক্ষার্থী ও শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের প্রতিনিধিরা। কোর্সটি আয়োজন করেছে আইইউবিএটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। চীনা ভাষা শেখার একাডেমিক ও পেশাগত গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশ পরিচালক মোহিউদ্দিন তাহের। চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় কোর্সের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন কোর্স ইনস্ট্রাক্টর শি চিয়াও।

অনুষ্ঠানে চীনা ও বাংলা সংস্কৃতির মিলনে এক মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল চীনা উইঘুর নৃত্য (ওয়াং সিয়ানঝেন), চীনা কুংফু প্রদর্শনী (শান জিনতাও), আইইউবিএটির শিক্ষার্থীদের যুগল গান ও দলীয় নৃত্য।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, চীনা ভাষা কোর্স চালু করা শিক্ষার্থীদের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বাড়াতে আইইউবিএটির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃতজ্ঞতা প্রকাশ করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান এটিএম সিরাজুল আলম।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের সামনে চীনা সংস্কৃতির প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে ছিল চীনা ক্যালিগ্রাফি, চা শিল্প ও চীনে উচ্চশিক্ষার তথ্যভিত্তিক উপস্থাপনা। বিকাল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল। —বিজ্ঞপ্তি

আরও