সিআইইউতে প্রযুক্তি ও ক্যারিয়ার-বিষয়ক সেমিনার

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ক্যারিয়ার ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘দ্য রাইজ অব টেকনোক্রেসি: গ্লোবাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স ফর দ্য ফিউচার’ শীর্ষক সেমিনারটি সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ক্যারিয়ার ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘দ্য রাইজ অব টেকনোক্রেসি: গ্লোবাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স ফর দ্য ফিউচার’ শীর্ষক সেমিনারটি সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উদীয়মান বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনা, ডিজিটাল রূপান্তর, ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা, ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়নসহ প্রযুক্তিনির্ভর বিশ্বের কর্মসংস্থানের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে আলোচক ছিলেন ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনমি ফোরামের প্রেসিডেন্ট ও ইনোভেশন ল্যাব ইউএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ রানা, চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. এম মশিউল হক এবং ডিলিজাইট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এজিইডি আইআইসিটি, চুয়েট-ডিএসটির প্রশিক্ষক ও পরামর্শক মো. মোশাররফ হোসেন।

অধ্যাপক ড. এম মশিউল হক তার উপস্থাপনায় চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের বিভিন্ন সুযোগ-সুবিধা, সেবা ও কার্যক্রম তুলে ধরেন। প্রযুক্তিনির্ভর উদ্যোগ, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে ইনকিউবেটরটির ভূমিকা সম্পর্কেও তিনি শিক্ষার্থীদের ধারণা দেন। সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার। বিশেষ অতিথি ছিলেন এসএসইর উপদেষ্টা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অনির্বাণ বড়ুয়া।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনায় দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বৈশ্বিক কর্মবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের উপযোগী করে তুলতে প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ, উদ্যোক্তা মানসিকতা ও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও