তালিকাভুক্ত বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের দুই প্রান্তিকে (এপ্রিল-সেপ্টেম্বর) সমন্বিত আয় ও মুনাফা দুটোই বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) বার্জার পেইন্টসের সমন্বিত আয় হয়েছে ১ হাজার ২৮৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২১৯ কোটি টাকা। প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৫৩ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪৪ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৯৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪২ টাকা ৪৭ পয়সায়।
কোম্পানিটির পর্ষদ ৩১ মার্চ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩২৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬৪ টাকা ৯১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সায়।
এর আগে ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬২ টাকা ৬৮ পয়সা। ওই বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৭ টাকা ৩৯ পয়সায়।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বার্জার পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৯২ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০। এর মধ্যে ৯৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক শূন্য ৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।